জরুরী বার্তা | www.joruribarta.com
মহসিন আলি | বেনাপোল প্রতিনীধি
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পিএম
আপডেট: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পিএম
যশোরের শার্শা উপজেলায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির মামলায় বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী সাইফুল ইসলাম সুমনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (১৫ নভেম্বর) যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক শিহাবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। সোমবার সকালে রায়ের বিষয়টি নিশ্চিত করেন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) এ কে এম হাসানুর রহমান আসাদ।
আদালত দণ্ডিত ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানাও করেছেন। জরিমানা অনাদায়ে তাঁকে আরও এক মাস কারাভোগ করতে হবে।
দণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম সুমন শার্শা উপজেলার নৈহাটি গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পঞ্চম শ্রেণির এক ছাত্রী যৌন হয়রানির শিকার হয়। বাড়িতে ফিরে বিষয়টি পরিবারকে জানালে তার বাবা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করেন।
অভিযোগে আরও বলা হয়, বিদ্যালয়ের অন্য কয়েকজন ছাত্রীও ওই কর্মচারীর বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ করেছিল। অভিযোগ প্রকাশ না করতে ছাত্রীদের হুমকি দেওয়ার কথাও মামলার বিবরণে উল্লেখ রয়েছে।
পরে একই বছরের ১ অক্টোবর ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে শার্শা থানায় মামলা করেন।
মামলার তদন্তের দায়িত্বে থাকা শার্শা গোড়পাড়া পুলিশ ক্যাম্পের তৎকালীন উপপরিদর্শক সালাউদ্দিন খান তদন্ত শেষে সাইফুল ইসলাম সুমনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া, সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মোহাম্মদ সেলিম উদ্দীন খান
নির্বাহী সম্পাদক: সাঈদ মোহাম্মদ আদনান খান
বার্তা সম্পাদক: আয়শা জান্নাত খানম
ডিজিটাল বস : মোহাম্মদ রাকিব হোসাইন খান
Email: joruribarta@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1841632000
Address: Plot-371/A, Block-C, Bashundhara Residential Area, Baridhara. , Dhaka, Bangladesh, 1229
স্বত্ব জরুরী বার্তা
Developed by Vida Team