জরুরী বার্তা | www.joruribarta.com
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:১১ পিএম
আপডেট: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পিএম
গোপালগঞ্জে সাম্প্রতিক অস্থিরতার পর জননিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০ প্লাটুন সদস্য। পরিস্থিতি পর্যবেক্ষণে ব্যবহার করা হচ্ছে ড্রোন ও বডি ক্যামেরা।
সোমবার (১৬ নভেম্বর) সকালে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। প্রথমে ছয় প্লাটুন সদস্য মোতায়েন করা হলেও পরে আরও চার প্লাটুন যুক্ত করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও প্রয়োজনে দাঙ্গা নিয়ন্ত্রণে আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) বা সাঁজোয়া যান মোতায়েন করা হয়েছে।
মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য বডি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি ড্রোনের মাধ্যমে সরাসরি ভিডিও সংগ্রহ করে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বেসামরিক প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। জেলা ম্যাজিস্ট্রেটের পরামর্শ অনুযায়ী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিতের কাজ চলছে।
এর আগে রোববার গোপালগঞ্জে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে জেলার নিরাপত্তা জোরদার করা হয়।
এদিকে সোমবার বিকেলে ইউএনবির সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, জেলার সরকারি-বেসরকারি অফিস, আদালত ও দোকানপাট খুলেছে। ঢাকা–খুলনা মহাসড়কসহ বিভিন্ন সড়কে যান চলাচলও স্বাভাবিক হয়েছে।
বিজিবি জানিয়েছে, সাধারণ মানুষের চলাচল ও দৈনন্দিন কার্যক্রম স্বাভাবিক রাখার পাশাপাশি যেকোনো পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মোহাম্মদ সেলিম উদ্দীন খান
নির্বাহী সম্পাদক: সাঈদ মোহাম্মদ আদনান খান
বার্তা সম্পাদক: আয়শা জান্নাত খানম
ডিজিটাল বস : মোহাম্মদ রাকিব হোসাইন খান
Email: joruribarta@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1841632000
Address: Plot-371/A, Block-C, Bashundhara Residential Area, Baridhara. , Dhaka, Bangladesh, 1229
স্বত্ব জরুরী বার্তা
Developed by Vida Team