জরুরী বার্তা | www.joruribarta.com
মহসিন আলি | বেনাপোল প্রতিনীধি
প্রকাশ: মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৫১ পিএম
আপডেট: মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৫১ পিএম
বেনাপোলের পল্লীতে জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে বাড়ির উঠানে বাঁশের বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে আতিয়ার মল্লিক নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এতে চরম ভোগান্তিতে পড়েছে একটি পরিবার। বাড়ির স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ায় পরিবারের সদস্যদের দৈনন্দিন জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের শাখারিপোতার রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
এরআগে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ-বৈঠক করেও বিরোধের সমাধান না হওয়ায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে শেষ পর্যন্ত সোমবার বিকেলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মশিয়ার মল্লিক।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় বাড়ির উঠানে বাঁশের বেড়া দেওয়া হয়েছে। ফলে পরিবারের সদস্যদের চলাচলসহ বিভিন্ন কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।
ভুক্তভোগী মশিয়ার মল্লিক জানান, আট শতক পৈতৃক ভিটায় তিনি পরিবার নিয়ে বসবাস করছেন। তার বাবা সাহেব আলী মল্লিকের মৃত্যুর পর মা, চার ভাই ও পাঁচ বোনের মধ্যে পৈতৃক সম্পত্তি ভাগ হয়। বড় ভাই আতিয়ার মল্লিকের দুই শতক জমি বাদে নিজের অংশ এবং অন্য ভাই-বোনদের কাছ থেকে জমি কিনে বর্তমানে তিনি ছয় শতক জমির মালিক। বাকি দুই শতকের মালিক আতিয়ার মল্লিক।
মশিয়ারের অভিযোগ, বড় ভাইয়ের দুই শতক জমি কেনা কিংবা বিনিময়ের জন্য তিনি একাধিকবার প্রস্তাব দিয়েছেন। কিন্তু তাতে সাড়া না দিয়ে এক সপ্তাহ আগে নিজের ঘরের সামনে দিয়ে লম্বালম্বিভাবে বাঁশের বেড়া দিয়ে উঠান ঘিরে দেন আতিয়ার। এতে পরিবারের সদস্যদের স্বাভাবিক চলাচল সীমিত হয়ে পড়েছে। গরু-ছাগল পালন, বাড়িতে যাতায়াত এমনকি ছেলের একমাত্র উপার্জনের বাহন ইজিবাইক বাড়িতে প্রবেশ করানো ও বের করতেও সমস্যায় পড়তে হচ্ছে। সদ্য বিবাহিত ছেলের বউ ও আত্মীয়স্বজনের সামনে তাকে হেয় করতেই এভাবে বেড়া দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এলাকাবাসীর মতে, বাড়ির ঘরের সামনে বাঁশের বেড়া দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে পরিবারটি। বিষয়টি মীমাংসার জন্য গ্রামবাসী একাধিকবার উদ্যোগ নিয়ে সালিশ-বৈঠক করেছেন। কিন্তু বিভিন্ন মহলের ইন্ধনে আতিয়ার মল্লিক বেড়া সরাতে বা বিরোধ মেটাতে রাজি হচ্ছেন না। পারিবারিক জমিজমা নিয়ে বিরোধ থাকলেও তা আলোচনার মাধ্যমে সবকিছু সমাধান করা উচিত। দ্রুত এ সমস্যার সমাধান না হলে পরিবারের সদস্যদের মধ্যে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন তারা।
অভিযুক্ত আতিয়ার মল্লিক বাইরে থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তার স্ত্রী আরজিনা খাতুন বলেন, প্রায় ১২ বছর ধরে মানবিক কারণে তাদের বাড়ির উঠানে কোনো বাঁশের বেড়া দেওয়া হয়নি। বাড়ির পাশের রাস্তার ধারে পৈতৃক সূত্রে পাওয়া একটি পুকুর রয়েছে, যাতে মশিয়ার মল্লিকের অংশ আছে। মশিয়ার ওই পুকুরের সম্পদসহ সমপরিমাণ সম্পদ তাদের নামে লিখে দিলে তারা মশিয়ারকে তার বাড়ির অংশ লিখে দিতে রাজি আছেন। তিনি বলেন, তার স্বামী খারাপ মানুষ নন। মশিয়ার সরাসরি ভাইয়ের কাছে না এসে বহিরাগতদের দিয়ে সালিশ-বৈঠক করানোয় তিনি ক্ষুব্ধ হয়েছেন। এ কারণে এক সপ্তাহ আগে উঠানে বাঁশের বেড়া দেওয়া হয়েছে।
স্থানীয় বিএনপি নেতা বরকত আলী বলেন, দুই ভাইয়ের জমি নিয়ে বিরোধেরৃ কারণে মশিয়ার মল্লিকের পরিবার চরম ভোগান্তিতে পড়েছে। আমরা স্থানীয়ভাবে একাধিকবার বসে বিষয়টি মীমাংসার চেষ্টা করেছি। কিন্তু এখনো সমাধান হয়নি। এভাবে চলতে থাকলে বিরোধ আরও জটিল আকার ধারণ করতে পারে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার। তারা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি এবং স্বাভাবিক চলাচলের পরিবেশ ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মোহাম্মদ সেলিম উদ্দীন খান
নির্বাহী সম্পাদক: সাঈদ মোহাম্মদ আদনান খান
বার্তা সম্পাদক: আয়শা জান্নাত খানম
ডিজিটাল বস : মোহাম্মদ রাকিব হোসাইন খান
Email: joruribarta@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1841632000
Address: Plot-371/A, Block-C, Bashundhara Residential Area, Baridhara. , Dhaka, Bangladesh, 1229
স্বত্ব জরুরী বার্তা
Developed by Vida Team