দক্ষিণের খবর | www.dokkhinerarthonity.com
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পিএম
আপডেট: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পিএম
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ পরিণত হয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উপকূলীয় এলাকায় সাময়িক দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (২৬ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। বর্তমানে এটি পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে।
সকাল ৬টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ৮২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৮৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৪৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে সোমবার মধ্যরাত নাগাদ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর এটি আরও শক্তিশালী হয়ে আগামী ২৮ অক্টোবর ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।
চার সমুদ্রবন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত
ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল হয়ে ওঠায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত নামিয়ে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা
ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত হানার সম্ভাবনা কম। তবে এর প্রভাবে উপকূলীয় এলাকার আবহাওয়ায় পরিবর্তন দেখা দিতে পারে।
বাংলাদেশে কতটা প্রভাব পড়তে পারে?
ঘূর্ণিঝড়টির সম্ভাব্য গতিপথ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে হওয়ায় বাংলাদেশে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা আপাতত কম বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
তবে চট্টগ্রামসহ উপকূলীয় এলাকায় হালকা বৃষ্টি ও দমকা হাওয়া হতে পারে। পরিস্থিতি পরিবর্তিত হলে আবহাওয়া অধিদপ্তর নতুন সতর্কবার্তা দিতে পারে।
এ কারণে উপকূলীয় এলাকার বাসিন্দা, জেলে এবং সমুদ্রগামী নৌযান পরিচালনাকারীদের নিয়মিত আবহাওয়ার পূর্বাভাস অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
ঘূর্ণিঝড়ের নাম ‘অর্ণব’ কেন?
ঘূর্ণিঝড়টির নাম ‘অর্ণব’ প্রস্তাব করেছে বাংলাদেশ। বাংলা ভাষায় অর্ণব শব্দের অর্থ সমুদ্র বা মহাসাগর।
বঙ্গোপসাগর ও আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নামকরণে বাংলাদেশসহ এ অঞ্চলের ১৩টি দেশ অংশ নেয়। বিশ্ব আবহাওয়া সংস্থার আঞ্চলিক ব্যবস্থাপনার আওতায় আগে থেকে নির্ধারিত তালিকা অনুযায়ী এসব ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টির গতিপথ ও শক্তির পরিবর্তন পর্যবেক্ষণ করা হচ্ছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মোহাম্মদ সেলিম উদ্দীন খান
নির্বাহী সম্পাদক: সাঈদ মোহাম্মদ আদনান খান
বার্তা সম্পাদক: আয়শা জান্নাত খানম
ডিজিটাল বস : মোহাম্মদ রাকিব হোসাইন খান
Email: joruribarta@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1841632000
Address: Plot-371/A, Block-C, Bashundhara Residential Area, Baridhara. , Dhaka, Bangladesh, 1229
স্বত্ব দক্ষিণের খবর
Developed by Vida Team